Home / News / আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশের রাজনীতিতে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই রাজনৈতিক দলের নাম ‘অপরাজেয় বাংলা’। আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারকে চেয়ারপারসন করে গঠিত এই দলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতিসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে।

দলের সাংগঠনিক কাঠামোয় রয়েছে ১১ সদস্যের ভাইস চেয়ারম্যান পরিষদ, ২৪ সদস্যের স্ট্যান্ডিং কমিটি এবং ৭১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক বন্দর ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে অভিজ্ঞ ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন, জনেন্দ্র নাথ সরকার, মো. মোসাদ্দেকসহ স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য।

অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরে গ্রুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন (অব.) বলেন, অপরাজেয় বাংলার মূল লক্ষ্য হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠন।

দলটির ঘোষিত লক্ষ্য অনুযায়ী, মুক্তবাজার অর্থনীতি ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে দুর্নীতি ও বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই অপরাজেয় বাংলার মূল উদ্দেশ্য।

Scroll to Top